পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যানের ওপর হামলার ঘটনায় শাহাদাত হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে দক্ষিণ চরসাহাভিকারী গ্রামে তার নিজ বাড়ি থেকে শুক্রবার রাত একটার দিকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবক শাহাদাত হোসেন উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় গত ১৬ আগস্ট কেরামতিয়া অভিযোগ কেন্দ্রে কর্মরত দুই লাইনম্যান কাজী মো. সোহেল ও কামরুল ইসলাম বকেয়া বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম করেন। বিল বকেয়া থাকায় কয়েকটি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা। সংযোগ বিচ্ছিন্নর কয়েক ঘন্টার মধ্যে বিকাশে বিলও পরিশোধ করে দেন কেউ কেউ। লাইনম্যানরাও যথারিতি স্ব-স্ব বাসায় চলে যান। দুপুর ২টার দিকে দক্ষিণ চরসাভিকারী গ্রামের চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন, ইলিয়াছের ছেলে মো. মিজান, আমিরুল হকের ছেলে জামশেদ আলম তার ভাই ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনাম আনুমানিক ৩০জন লোক দুই লাইনম্যানকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

এ ঘটনায় ১৭ আগস্ট রাতে পল্লী বিদ্যুতের কাজীর হাট সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তৈয়ব বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

কাজীর হাট সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তৈয়ব বলেন, বকেয়া বিলের দায়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে দুই লাইনম্যানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তাই তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যনরা পাঁচটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো নিয়ে যাচ্ছিল। সেগুলোর সাথে আমার মামা(সৌদি প্রবাসী) আবদুল মালেক মানিক যার মিটারে কোন বকেয়া বিল ছিলনা। সেই মিটারটিও সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছিল তারা। চাঁন মিয়ার দেকান নামক স্থানে তাদেরকে দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম পরিশোধিত মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে কেন মিটার নিয়ে যাচ্ছেন?

তিনি আরো বলেন, তাদের সাথে এ নিয়ে আমার শুধু কথাকাটাকাটি হয়। হামলার ব্যপারে আমি কিছুই জানিনা।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান বলেন, পল্লী বিদ্যুতের লোকদের দেয়া তথ্যমতে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version