কুষ্টিয়া জেলা প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে মাহবুব খান সালাম (৪০) নামে জাতীয় যুব জোটের এক নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১ টা ২০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মাহবুব খান সালাম জাসদের জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানায়, মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। গত বছর এলাকায় একটি হত্যাকাণ্ড হলে সেই মামলার আসামি ছিলেন তিনি। এ নিয়ে বিরোধ আরও তীব্র হয়। গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। বুধবার রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় সালামকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত রাত ১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। সালামের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি টোকেন চৌধুরীর নেতৃত্বে ২০-২৫ জন হামলা চালায়। তারা সালামকে কোপায় ও হাত-পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে আল্লারদর্গা বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সালাম। এ সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে আলী রাজ নামে এক ব্যক্তি সালামকে ডাক দেয়। এ সময় ভ্যান থেকে নেমে আলী রাজের কাছে গেলে অন্ধকারে ওৎ পেতে থাকা সেলিম চৌধুরী ও টোকেন চৌধুরীর নেতৃত্বে বাদশা, বকুল, মাছুম, রাজীব, শাহীন, রাজা, রেজুসহ প্রায় ২৫ জন অস্ত্রসস্ত্র নিয়ে সালামের ওপর হামলা চালায়। তারা সালামকে এলোপাতাড়ি মারপিট করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে। হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি টোকেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ মে) দুপুর বারোটার সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবিদ হাসান বলেন, পূর্বশত্রুতার জেরে মাহবুব খান সালাম নামের এক যুবককে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এদিকে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহত দৌলতপুর উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অবিলম্বে মাহবুব খান সালামের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
ব্রেকিং নিউজ-
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
- উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা প্রেসক্লাবে ঈদ আড্ডা
