Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

সাতদিন মশা নিধনের অভিযানে নামছে ডিএনসিসি

টানা সাতদিন মশক নিধনে বিশেষ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী এ অভিযান চলবে।

ডিনসিসি সূত্রে জানা গেছে, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান রাজধানীর ইব্রাহিমপুর খাল সংলগ্ন বটতলা এলাকা থেকে এ কার্যক্রম শুরু করবেন। কর্মসূচির অংশ হিসেবে ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় প্রথমে এ কর্মসূচি পরিচালিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঐতিহাসিক মার্চ মাসে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ কার্যক্রমের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী ডিএনসিসি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ৭ মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ১০ মার্চ থেকে ১৭ মার্চ এক সপ্তাহব্যাপী মশক নিধনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Exit mobile version