পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত ডোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর ওই অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন। আর এ নিয়ে ইউক্রেন উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ইউক্রেনে আনুমানিক প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠিত অবস্থার মধ্যে রয়েছেন।

রাষ্ট্রদূত আরও বলেছেন, “তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন।”

তিনি বলেছেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন।

তিনি বলেছেন পোল্যান্ড ইউক্রেনের সাথে তাদের সীমান্ত খুলে দিয়েছে।

তিনি জানিয়েছেন, “পোল্যান্ড সরকার এক ব্রিফিংএ আমাদের জানিয়েছে, ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকরা সেদেশ ছাড়তে চাইলে, পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে।”

এর আগে ইউক্রেন ইস্যুতে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কেউ দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version