নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেল বার্সেলোনা। সুপার কোপার সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে অতিরিক্ত সময়ে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অবশ্য ম্যাচে রিয়ালের বিপক্ষে দুই-দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় কাতালানরা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই রিয়াল গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে।

সেমিফাইনালে ম্যাচের ২৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এ সময় মাঝ মাঠে বল পেয়ে যান করিম বেনজেমা। তিনি বাড়িয়ে দেন ভিনিসিউসকে। বল নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সে। তার সামনে ছিলেন বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। রক্ষণভাগের এক খেলোয়াড় তাকে থামানোর চেষ্টা করলেও শট নেওয়া থেকে বিরত রাখতে পারেননি। বল স্টেগানকে পরাস্ত করে জালে জড়ায়।

অবশ্য ৪১ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। এ সময় বামদিক থেকে সতীর্থের পাশে ডি বক্সের মধ্যে বল পেয়ে খুব কাছ থেকে জালে জড়ান লুক ডি ইয়ং।

বিরতির পর ৭২ মিনিটে করিম বেনজেমা গোল করে এগিয়ে নেন লস ব্লাঙ্কোসদের। এ সময় ডানদিক থেকে কারবাহালের নেওয়া শট কোনওরকমে স্টেগান ডান পা দিয়ে ঠেকিয়ে দেন। তার পা ছুঁয়ে আসা বল গোলমুখে পেয়ে যান বেনজেমা। ডান পায়ের শটে জালে পাঠান।

৮৩ মিনিটে বার্সার তরুণ তুর্কি আনসু ফাতি গোল পেলে আবার ফেরে সমতা। এ সময় বামদিক থেকে জর্ডি আলবার ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে জালে পাঠান স্প্যানিশ এই তারকা। ম্যাচে গড়ায় ২-২ সমতায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা এখানেই শেষ হয়।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। এ সময় বক্সের ভেতরে ডানদিক থেকে ভিনিসিউসকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন রদ্রিগো, ভিনিসিউস শট না নিয়ে পায়ে ফাঁক গলিয়ে ছেড়ে দেন ভালভার্দেকে উদ্দেশ্য করে। আনমার্ক ভালভার্দে কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান। শেষ পর্যন্ত তার গোলটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। রিয়ালকে পাইয়ে দেয় স্প্যানিশ সুপার কোপার ফাইনালের টিকিট।

রবিবার জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা অ্যাথলেটিক বিলবাও’র মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version