Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জায়গাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দাদন চৌকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (নভেম্বর-২৩) দুপুরে শিবচর পৌরসভার ৮ নম্বর পূর্ব শ্যামাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

নিহতের স্বজনরা জানান, এক বছর ধরে প্রতিপক্ষ শেখ ফরিদ, সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখদের সঙ্গে নিহত দাদন চৌকদারের জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত দাদন চোকদার বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ ১৫/২০ জনের সন্ত্রাসী দল দাদন চোকদারের পথরোধ করেন। এসময় তারা পর্যায়ক্রমে কুপিয়ে দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন করে দাদন চৌকদারের। পরে বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রকিবুল হাসান জানান, আহত রোগীর বাম পা সন্ত্রাসীরা বিচ্ছিন্ন করে ফেলেছে। হাসপাতালে আমরা তার বাম পা পাই নাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

Exit mobile version