Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

আরও ৩২৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

করোনা পরিস্থিতির মধ্যেই লাল বার্তা নিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। দেশে একদিনের ব্যবধানে ১০৮ জন ডেঙ্গু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন। এই সময়ে ঢাকায় বৃদ্ধি পেয়েছে ১০৭ ডেঙ্গু রোগী। আগস্ট মাসের ১৭ দিনে ৩ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৪ জন আর জুলাইতে ১২ জন।

গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১১৪ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৪৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৫১০ জন।

Exit mobile version